সালমান শাহর অসমাপ্ত যে সিনেমায় অভিনয় করেন ওমর সানি

ovibasononline
2 Min Read

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর অকালমৃত্যুর পর তার বেশ কিছু কাজ অসমাপ্ত থেকে যায়। সেই সব অসমাপ্ত সিনেমার স্মৃতি স্মরণ করে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানি। সালমান শাহর মৃত্যুর পর তার পরিবর্তে ‘কে অপরাধী’ সিনেমায় অভিনয় এবং সেটি শেষ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কে অপরাধী’ সিনেমাটির একটি অফিসিয়াল পোস্টার শেয়ার করে পেছনের ঘটনা জানান ওমর সানি।

পোস্টে তিনি লেখেন, ‘উত্তম দা (পরিচালক উত্তম আকাশ), আমি তার সব ছবির আর্টিস্ট। কিন্তু এই ছবি যখন তৈরি হচ্ছিল, আমার অন্য শিডিউল ছিল, তাই তখন করা হয়নি।’

 

পরবর্তীতে সিনেমাটিতে যুক্ত হন সালমান শাহ। ওমর সানির ভাষ্যমতে, সালমান শাহ সিনেমাটির প্রায় ৬০ শতাংশ শুটিং শেষও করেছিলেন। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই নিয়তির টানে চলে যান তিনি। ওমর সানি আফসোস প্রকাশ করে লেখেন, ‘কিন্তু ভাগ্যের কী পরিহাস! সালমান এই ছবির শুটিং করেছে প্রায় ৬০ শতাংশ, তখন সালমান শাহ হত্যার শিকার হন।’

সালমান শাহর আকস্মিক প্রয়াণে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চিত্রপরিচালক উত্তম আকাশ আবারও ওমর সানিকে বাকি কাজটুকু শেষ করার অনুরোধ জানান। সেই মুহূর্ত স্মরণ করে সানি বলেন, ‘তখন উত্তম আকাশ দা আমাকে আবার অফার করলেন। আমি বাধ্য হয়ে এই ছবি শেষ করি।’

সিনেমাটিকে নিজের অভিনয় জীবনের অন্যতম বিশেষ একটি অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘এই ছবি আমার আর শাবনূরের আরেকটি ইতিহাস।’ পোস্টের শেষে প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দোয়া করেন, ‘আল্লাহ সালমান শাহকে জান্নাত নসিব করুন।’

সালমান শাহর অকালমৃত্যু আজও ঢালিউড ও তার কোটি ভক্তের মনে এক গভীর ক্ষত এবং আবেগ তৈরি করে। ‘কে অপরাধী’ সিনেমাটিকে ঘিরে ওমর সানির এই স্মৃতিচারণ ঢালিউডের সেই সোনালি ও বিয়োগান্ত অধ্যায়কে আরও একবার সিনেপ্রেমীদের আলোচনায় নিয়ে এলো।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *